| |
|---|
শেখ কামাল উদ্দীন, আমডাঙ্গা, নতুন গতি : আমডাঙার আদহাটায় মূলত সংখ্যালঘু নারীদের মধ্যে শিক্ষাপ্রসারের জন্য হাজী আমজাদ হোসেন ও ডাঃ সেখ আবুল খায়ের প্রতিষ্ঠা করেছিলেন আদহাটা গার্লস হাই (উঃ.মা) স্কুল। ১৫ ও ১৬ জানুয়ারি সেই বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কৃষ্ণকলি মণ্ডল বলেন, দু’বছর আগেই পঞ্চাশ বছর পূর্ণ হলেও বিভিন্ন কারণে তা পালন করা সম্ভব হয়নি। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন। ১৫ই জানুয়ারি এই অনুষ্ঠান উদ্বোধন করেন আমডাঙার বিধায়ক রফিকার রহমান। তিনি ছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উদাহরণ দিয়ে বাল্যবিবাহ রোধে মুখ্যমন্ত্রীর ভূমিকাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিধায়ক রফিকার রহমান তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে বিদ্যালয়ের মাঠের উন্নতিকল্পে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতিও দেন। প্রথম দিন সকালে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিদর্শন করে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রীরা দু’দিন ধরে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক প্রদর্শন করে। এছাড়া একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। আদহাটা গার্লস হাই (উ.মা) স্কুলের ছাত্রীরা ছাড়াও দু’দিনের এই অনুষ্ঠানে আমডাঙার কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বারাসাতের নজরুল চর্চা কেন্দ্রের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। সুবর্ণজয়ন্তীতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। দু’দিনের এই অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে এলাকার মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়।


