দাঁড়িয়ে থাকা লড়িতে আচমকা আগুন, ভস্মীভূত বহু মূল্যবান সামগ্রী

আজিজুর রহমান, গলসি : দাঁড়িয়ে থাকা লড়িতে আচমকা আগুন। আগুনের জেরে ভস্মীভূত হয় গাড়িতে মজুত থাকা ওষুধ, শাড়ি, জুতো, চাল, ডাল ছাড়াও বিভিন্ন সামগ্রী। আচমকা ধোঁয়া দেখে হতভম্ব হয়ে যান স্থানীয়রা। শুক্রবার দুপুর নাগাদ এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির রাকোনা মোড় সংলগ্ন একটি হোটেলে।

    জানা গেছে, লড়ির ড্রাইভার খাবার খেতে ওই হোটেলে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন হোটেলের লোকজন। ঘটনার পরই হোটেলের মালিক ও কর্মচারীরা আগুন নেভাতে ছুটে আসেন। পাশাপাশি খবর দেন গলসি থানা ও দমকলে।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি থানার ওসি অরুণ কুমার সোমসহ পুলিশের আধিকারিকরা। আগুন নেভাতে আসে দমকলের দুটি ইঞ্জিনও। তাদের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে লড়িতে থাকা জিনিসপত্রের অর্ধেকের বেশি পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন দমকল বিভাগের ইন্সপেক্টর গৌরাঙ্গ কর্মকার। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

    নতুন গতি

    News Publication