| |
|---|
শেখ সিরাজ : ১৫ই ফেব্রুয়ারি রবিবার হুগলি জেলার ধনিয়াখালি পশুহাট প্রাঙ্গনে ধনিয়াখালী জামে মসজিদ মক্তবের আয়োজনে এক বিরাট আকর্ষণীয় কোরআন প্রতিযোগিতা হয়ে গেল। মোট ৫০ জন মক্তবের ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকল ছাত্র-ছাত্রীর বয়স ছিল ১৫ বছরের মধ্যে। ধনিয়াখালি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কুতুব উদ্দিন সাহেব ও গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন হাওড়া জেলার হাফেজ, কারি সাইফুল হক ও দক্ষিণ 24 পরগনার হাফেজ, কারি আশিকুর রহমান। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাজিদুল ইসলাম সাহেব। এছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বাবর আলী (বাবলু), সহ-সম্পাদক আলহাজ্ব সৈয়দ হাফিজ উদ্দিন আহমদ, মোহাম্মদ সিরাজুল হক সহ আরো অনেকে। কোরআন প্রতিযোগীদের প্রথম স্থান অধিকারী কে ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী কে এয়ার কুলার, ও তৃতীয় স্থান অধিকারী কে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া মক্তবের ছাত্রছাত্রীদের সান্তনা পুরস্কারও দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালন করেন ধনিয়াখালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কুতুবুদ্দিন সাহেব। ধনিয়াখালিতে এই কোরআন প্রতিযোগিতাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।


