গলসিতে মোবাইলের দোকানে শাটার ভেঙে চুরি

আজিজুর রহমান,গলসি : গলসিতে মোবাইল দোকানে ৪৫-৫০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি। বাজারে বড়সড় এমন চুরির ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গেল রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। দোকানের মালিক সেখ সাদ্দাম জানান, চোরেরা শাটার ভেঙে দোকানে থাকা ১৬০-১৭০টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে, যার মূল্য ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা।

    স্থানীয়দের থেকে জানা গেছে, দোকানে ঢুকে চোরেরা পাঁচটি বস্তায় মোবাইল ভরে দোকানের বাইরে বের করে। ঘটনার সময় দোকানে তিন-চারজন ঢুকে লুটপাট চালায়। চুরির তথ্য মুছে ফেলার জন্য চোরেরা দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দিয়েছে বলে অভিযোগ। তাছাড়াও, চুরির ঘটনায় বাইরে কোনো গাড়ি ব্যবহার করা হয়েছে বলে অনুমান করছেন তারা।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি থানার ওসি অরুণ কুমার সোম এবং অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। তারা দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন।

    গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান মণ্ডল জানান, এই ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তার দাবি, ১৯ নম্বর জাতীয় সড়কে হাইমাস্ট লাইটের আলো থাকা সত্ত্বেও রাস্তার সামনের দোকানে চুরি হওয়া বড় প্রশ্ন তুলে দিয়েছে। বাজারের দোকানের নিরাপত্তা নিয়ে তারা বেশ চিন্তিত বলে জানান বজরুল বাবু।

    নতুন গতি

    News Publication