| |
|---|
পারিজাত মোল্লা : কলকাতায় আজ অনুষ্ঠিত হলো ‘আইসিসি ভিশনটেক – লিড ২০২৫’, যেখানে দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ গঠনে সরকারের শীর্ষ আধিকারিক, শিল্প নেতৃত্ব ও প্রযুক্তি বিশেষজ্ঞরা এক ছাদের নিচে মিলিত হলেন। “Empowering India’s Digital Future” থিমে অনুষ্ঠিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিপ-টেক, কোয়ান্টাম প্রযুক্তি ও আত্মনির্ভর ডিজিটাল পরিকাঠামো নিয়ে নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, পাবলিক এন্টারপ্রাইজ এবং ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানান, “গত এক দশকে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি খাত বিপুল অগ্রগতি করেছে। ২০১১ সালে যেখানে এই খাত থেকে রপ্তানি ছিল মাত্র ₹৪,৫০০ কোটি, তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ₹৩৫,০০০ কোটি। রাজ্য সরকারের পরিকল্পিত বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল নীতির ফলে এই সাফল্য এসেছে।”
তিনি জানান, বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্পের ২৫০ একর জমিতে ইতিমধ্যেই ৪২টি সংস্থা জায়গা পেয়েছে, যার মধ্যে ১৯টি কাজ শুরু করেছে এবং ৩টি সংস্থা ইতিমধ্যেই পূর্ণভাবে চালু হয়েছে। এই প্রকল্পে বাজারদর ₹২৫ কোটির জমি মাত্র ₹৫ কোটিতে বরাদ্দ করে রাজ্য সরকার ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার যে অঙ্গীকার করেছে, তারই ফলশ্রুতি এই অগ্রগতি। বর্তমানে ঐ জমির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি একর ₹৪০ কোটি।
তিনি আরও বলেন, রাজ্যের ২২টি আইটি পার্কে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী, কৃষ্ণনগর ও আসানসোল সহ বিভিন্ন জায়গায় নতুন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ওয়েবেল-এর অধীনে থাকা সেক্টর V-র ১০টি এবং শিলিগুড়ির ৩টি ভবন সম্পূর্ণভাবে ভাড়াটে দ্বারা পূর্ণ হয়েছে। টিসিএস, ইনফোসিস ও উইপ্রোর মতো সংস্থাগুলি রাজ্যে প্রায় ৫০,০০০ জনকে নিয়োজিত করেছে।


