| |
|---|
নিজস্ব সংবাদদাতা : গতকাল ২৫ শে জুলাই ২০২৫, শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি প্রবীন আলিমে দ্বীন মুফতী দবীর হুসাইন সাহেব সকাল ৬.১০ মিনিটে ইন্তিকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহির-জিউন)। ঐদিন বিকাল ৫ টায় তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইক্ষুসাড়া মাদ্রাসা প্রাঙ্গণে এবং তাঁকে দাফনও করা হয় ওখানে। জানাযা নামাযে লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করেন। প্রকাশ থাকে যে, মরহুম মুফতী দবীর হুসাইন সাহেব জমিয়তের একজন নিষ্ঠাবান সক্রিয় নেতা ছিলেন এবং ২০১৩ সাল থেকে তিনি একটানা মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতির পদে আসীন ছিলেন।
তাঁর ইন্তেকালে সভাপতির পদটি শূন্য হওয়ার প্রেক্ষিতে পরদিন ২৬ শে জুলাই জমিয়তের রাজ্য ওয়ার্কিং কমিটি জরুরী ভিত্তিতে একটি সভা তলব করে। ঐ সভায় রাজ্য জমিয়তের সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা মুহাম্মাদ হাজিবুদ্দীন খান পরবর্তী সভাপতি হিসেবে বর্ষীয়ান জমিয়ত নেতা হাফেয মুহাম্মাদ ইয়াকুব ফরীদী সাহেবের নাম প্রস্তাব করেন। সভায় উপস্থিত সকল সদস্য একবাক্যে তা সমর্থন করেন। ফলে নব নির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে হাফেয মুহাম্মাদ ইয়াকুব ফরীদী সাহেবের নাম গৃহীত ও ঘোষিত হয়।
রাজ্য জমিয়তে উলামার জেনারেল সেক্রেটারী জনাব ক্বারী শামসুদ্দীন আহমাদ সাহেবের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এদিনের সভার সূচনা হয় এবং নবনির্বাচিত সভাপতি হাফেয মুহাম্মাদ ইয়াকুব ফরীদী সাহেবের দুয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।


