| |
|---|
নতুন গতি নিউজ ডেস্ক: ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে’ এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রবিবার জম্মুতে কাঠুয়া জেলার মহারাজা গুলাব সিংয়ের ২০ ফুটের মূর্তি উন্মোচন করেন তিনি।
তিনি বলেন “১৯৯৪ সালের সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছিল। বলা হয়েছিল, অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরের অংশ থেকে সরে যেতে হবে পাকিস্তানকে। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরো জানান “আমরা যখন ৩৭০ ধারা অবলুপ্তির কথা বলতাম, সেটা সকলের ভাবনার বাইরে ছিল। কিন্তু বিজেপি নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছে। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির যখন প্রতিষ্ঠা হয়, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিজেপির বিপুল জয়ের কথা বলেছিলেন। তখন সেটাও কেউ বিশ্বাস করতে পারত না। কিন্তু সেটাই বাস্তবে ঘটেছে।”
এরপরেই তিনি হুংকার দেন “মোদি সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছে। নিজেদের সমস্ত প্রতিশ্রুতি পালন করেছে তারা। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করার প্রতিশ্রুতিও পালন করবে এই সরকার।”


