| |
|---|
সেখ সামসুদ্দিন, ২৫ ফেব্রুয়ারিঃ বহু অপেক্ষার অবসান হতে চলেছে মেমারি ১ ব্লকের দিলালপুরবাসীর। পুরাতন ভঙ্গুর কাঠের ব্রীজ ভেঙে লোহার কাঠামোয় নতুন ব্রীজ নির্মাণ হবে। তারই শিলান্যাস করেন বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, কর্মাধ্যক্ষ গীতা দাস, তাসমিনা খাতুন, বিডিও শতরূপা দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই ব্রীজকে কেন্দ্র করে বহু আন্দোলন, রাজনৈতিক তর্জা এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সাংসদ ও ব্লক সভাপতির যৌথ প্রচেষ্টায় সাংসদ তহবিলের ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মাণ হতে চলেছে। ফলে গ্রামবাসীদের মুখে আনন্দের হাসি চওড়া হতে দেখা যায়। ব্লক সভাপতি বলেন এই ফুট ব্রীজটি অ্যাম্বুলেন্স সহ চারচাকা গাড়ি চলাচল করতে পারবে। কোনোভাবেই ট্রাক্টর সহ ভারি যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।


