| |
|---|
সেখ সামসুদ্দিন, ২৭ জুলাইঃ পূর্ব বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক সফিকুল ইসলামের কর্মজীবনে যুক্ত হলো আরেকটি গর্বের অধ্যায়। সমাজসেবা ও গবেষণামূলক কাজে তাঁর অসাধারণ অবদান স্বীকৃতি পেয়েছে বহুবার, দেশ-রাজ্য ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও। এবার তাঁর মুকুটে যোগ হলো নতুন পালক—তিনি দায়িত্ব গ্রহণ করলেন ‘লাইন্স ক্লাব অব বর্ধমান মেডিলিংক’-এর প্রেসিডেন্ট হিসেবে। এই দায়িত্বভার তাঁকে অর্পণ করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের থ্রিটুটুসিথ্রির ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ মহিন উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের একাধিক বিশিষ্ট কর্তা ব্যক্তিরা—লায়ন প্রদীপ চ্যাটার্জী, প্রাক্তন গভর্নর লায়ন অরূপ মন্ডল, লায়ন জয়ন্ত পাইন, লায়ন রেখা যশসহ সংগঠনের বহু কর্মকর্তা। বাউল গানের মাধ্যমে সূচনা, প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ, কাজের নিরীখে সম্বর্ধনা, বক্তব্য মিলেমিশে অনুষ্ঠান জুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও একজোটে সমাজসেবার শপথ। একই মঞ্চে প্রতিষ্ঠা পায় লায়ন্স ক্লাব অব বর্ধমান হিউম্যানিটি নামের আরেকটি নতুন শাখা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বিশিষ্ট সমাজসেবী শেখ পারভেজ উদ্দিন। তিনি সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য কাজ করে ইতিমধ্যেই এলাকায় পরিচিত নাম। নতুন প্রেসিডেন্টদের অভিনন্দন জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য ক্লাবের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষরা। শুভেচ্ছা বার্তা ও ফুলের অভ্যর্থনায় মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়। দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সার্থক ও সাফল্যমণ্ডিত হয়। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ‘লাইন্স ক্লাব মেডিলিংক’-এর প্রতিষ্ঠাতা লায়ন শেখ আলহাজ উদ্দিন। সফিকুল ইসলামের নেতৃত্বে ক্লাবটি আগামী দিনে সমাজসেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন সকলে। তাঁর দূরদৃষ্টি ও আন্তরিক প্রয়াস সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে—এই বার্তা ছড়িয়ে পড়ে গোটা অনুষ্ঠানে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


