মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী

এম ওয়াহেদুর রহমান,মালদহ : পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থাগার পরিষেবা দপ্তর এবং মালদহ জেলা স্থানীয় গ্ৰন্থাগার কৃত্যকের উদ্যোগে মালদহ কলেজ মাঠে উদ্বোধন হলো ৩৬ তম মালদা জেলা বইমেলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই বইমেলা চলবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। ‘ ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব ‘ এই আঙ্গিকেই আয়োজিত হয় এ বারের বইমেলা। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা বইমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্ৰহন করে। শোভাযাত্রাটি মালদার বৃন্দাবনী মাঠ থেকে বের হয়ে সারা শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রা শেষে বইমেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্ৰন্থাগার মন্ত্রী সিদ্দিক্কুলা চৌধুরী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নীতিন সিংহানিয়া, দুই বঙ্গরত্ন রাধাগোবিন্দ ঘোষ ও ডা. দেবাশীষ সরকার, ইংরেজ বাজার পৌরসভার পৌর পিতা কৃষ্ণেন্দুনারায়ন চৌধুরী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বইমেলায় কুড়িটি বুক স্টল ছাড়া ও থাকছে নানান অনুষ্ঠান, বির্তক, আড্ডা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

    নতুন গতি

    News Publication