| |
|---|
শেখ কামাল উদ্দীন, বারাসাত,নতুন গতি : ২৭ থেকে ৩০ জানুয়ারি বারাসাতের ছোটজাগুলিয়ার মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসার সুবর্ণজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। তিনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই মাদ্রাসার উন্নতিকল্পে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। প্রথম দিন মাদ্রাসার প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এদিনই মাদ্রাসায় বিজ্ঞান বিভাগের সূচনা করা হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০টি মাদ্রাসা ও ১০টি বিদ্যালয়ের
শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি, গজল, ক্বেরাত, ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়। তৃতীয় দিন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ভলিবল প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এই প্রতিযোগিতায় আয়োজক মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসা বিজয়ী হয়। শেষদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় দু’টি মসজিদের দু’জন ইমামসহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ড. আজিজার রহমান, ডোমা পূর্ণিমা দে, বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, সহ সভাপতি গিয়াস উদ্দিন মণ্ডল প্রমুখ। শেষ দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সহায়তা করার জন্য পরিচালন সমিতির পদাধিকারীসহ, স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি চারদিনের অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করে তোলার জন্য তিনজন অস্থায়ী মহিলা কর্মীসহ অন্যদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান শিক্ষকের এই আন্তরিকতা সকলের হৃদয় জিতে নেয়।


