| |
|---|
নিজস্ব প্রতিবেদক : রঘুনাথগঞ্জ নতুন দিশা কো-অপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন হলো রঘুনাথগঞ্জের কুলগাছি বটতলায়। জামাআতে ইসলামি হিন্দের ইছাখালি মোকামের মোকামী আমীর মাওলানা নাসিরুদ্দিন এবং তার টিমের সহযোদ্ধাদের আন্তরিক প্রচেষ্টায়। এটি একটি বিনাসুদী লেনদেন প্রকল্প বলে জানা যায়।
সমাজের নিম্নবিত্ত ও সাধারণ মানুষের অর্থনৈতিক সহায়তা ও স্বাবলম্বী করার লক্ষ্যে আজ শুভ উদ্বোধন হয়ে গেলো নতুন দিশা ক্রেডিট ও কো অপারেটিভ সোসাইটির। সমাজে নতুন দিশা ও সোনালী আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগকে উপস্থিত মানুষজন সাদুবাদ জানান। এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হালকা ডাঃ মশিহুর রহমান সাহেব। তিনি তাঁর আলোচনায় সমাজ গঠনে ইসলামী অর্থনীতির গুরুত্ব বিশদভাবে আলোচনা করেন। নবী মুহাম্মাদ সঃ এর সময় থেকে ইসলামি খেলাফতকাল বিশেষ ভাবে উমর বিন আব্দুল আজিজ রহঃ -র সময়ের সোনালি ইতিহাস তুলে ধরেন। উপস্থিত ছিলেন সহুলাত মাইক্রোফিন্যান্স সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(নতুন দিল্লি) রাম কৃপাল কুমার মহাশয়, তিনি পুরো ভারতবর্ষের শতাধিক ব্রাঞ্চ কিভাবে কাজ করছে তার একটি ঝলক পেশ করেন।আরও বক্তব্য রাখেন সেক্রেটারি হালকা সহ বিভিন্ন রাজ্য ও জেলা নেতৃত্ব গণ। নতুন দিশা কো অপারেটিভ সোসাইটির চেয়ার ম্যান মোঃ মুত্তালেব সাহেব, ভাইস চেয়ারম্যান ডাঃ মাসউদ হাসান সাহেব, সেক্রেটারি মাওলানা মোঃ নাসিরুদ্দিন সাহেব সহ প্রমুখ এই কাজ করতে গিয়ে কিভাবে চ্যালেঞ্জিং বিষয় গুলো মোকাবিলা করেছেন এবং মানুষজনকে পাশে পেয়েছেন সেই তিক্ত-মিষ্ট অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন। আরও জানা যায় কো অপারেটিভ সোসাইটির সাথে সম্পৃক্ত ব্যক্তিগন কাস্টমার হিসেবে বিবেচিত হবেন না বরং তাঁরা ওনার হিসেবে সম্মানিত হবেন। গত তিন বছর থেকে প্রায় পাঁচ শত মানুষ এই সংস্থার সাথে জড়িয়ে আছেন। তিন শতাধিক মানুষকে বিনাসুদে ঋণ দেওয়ার মাধ্যমে তাদের পাশে থেকেছেন। এই সোসাইটি তে ১৮ বছরের ঊর্দ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী -পুরুষ সকলেই যুক্ত হতে পারবেন বলে তারা জানিয়েছেন।কিভাবে একজন নাগরিক এই সোসাইটিতে যুক্ত হতে পারবে? এই সংস্থা কিভাবে মানুষের পাশে থাকবে? কিভাবে টাকা ডিপোজিট বা আমানত রাখবে?কিভাবে জমানো টাকা তুলবে? প্রভৃতি বিষয় মানুষকে জানানোর জন্য খুব দ্রূত একটি ফোল্ডার প্রকাশ করতে চলেছে নতুন দিশা কো অপারেটিভ সোসাইটি।


