| |
|---|
নুরউদ্দিন:রায়দিঘী,কাটা অবস্থায় পড়ে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, বিঘের পর বিঘে জমি ম্যানগ্রোভ অরণ্য কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর এলাকার ঠাকুরান নদীর চরে।অভিযোগ,জঙ্গল সাফ করার পর সেখানেই নাকি তৈরি হবে মাছের ভেড়ি,তাই নির্বিচারে কাটা হয়েছে এই ম্যানগ্রোভ অরণ্য,এমনটাই অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। বাইন তড়ন, গরান, বাণী, আল, কেওড়া, বাবলা ও গেঁও প্রজাতির একাধিক ম্যানগ্রোভ নির্ভীক কাটা হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি বিষয়টি নিয়ে বনদপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে তবে নির্বিকার প্রশাসন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যানগ্রোভ নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দিচ্ছেন সেখানেই অভিযোগ উঠছে শাসকদলের এক শ্রেণীর নেতৃত্বের বিরুদ্ধে। ম্যানগ্রোভ অরণ্যর ধ্বংসের বিষয় নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জানান ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করা অপরাধ, কঠোরতম শাস্তির দাবি তোলেন তিনি। তবে বিরোধীরা বিষয়টি নিয়ে শাসক দলকে আরো একবার কাঠগোড়ায় তুলেছে। অন্যদিকে মথুরাপুর দু’নম্বর ব্লকের ব্লক আধিকারিক নাজির হোসেন ম্যানগ্রোভ কাটার বিষয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে। তবে এইভাবে দিনের পর দিন ম্যানগ্রোভ ধ্বংসের ফলে আগামী দিনে হয়তো ভয়ংকর পরিস্থিতির সামনাসামনি হতে চলেছে সুন্দরবনের বাসিন্দারা।


