রাজনগর থানার পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ অবৈধ মোবিলসহ পাচারকারী গ্রেফতার

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    ফের একবার সাফল্যের মুখ দেখল রাজনগর থানার পুলিশ। বিপুল পরিমাণ অবৈধ মোবিল বোঝাই একটি গাড়িসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে এসআই আশরাফুল হোসেনের নেতৃত্বে এএসআই পুলক কুমার হাজরা ও অন্যান্য পুলিশ কর্মীরা রাজনগর চেকপোস্টে নাকা চেকিং চালাচ্ছিলেন। সেই সময় ঝাড়খণ্ড দিক থেকে আসা একটি সন্দেহজনক গাড়ি আটকানো হয়।

    তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ২১টি ব্যারেল ভর্তি হাজার হাজার লিটার অবৈধ মোবিল উদ্ধার হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, ঝাড়খণ্ড দিক থেকে এই অবৈধ মোবিল আনা হচ্ছিল। উদ্ধার হওয়া মোবিল কোথায় সরবরাহ করা হত, কারা এর সঙ্গে যুক্ত , তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    গ্রেফতার হওয়া চালককে সিউড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি বা মোটরসাইকেলে মোবিল ভরার সময় সেটি আসল কি না, ভালোভাবে পরীক্ষা করা জরুরি। এতে একদিকে যেমন যানবাহনের ইঞ্জিন সুরক্ষিত থাকবে, তেমনি নকল ও অবৈধ মোবিল ব্যবসার বিরুদ্ধে পরোক্ষভাবে সাধারণ মানুষও প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।

    রাজনগর থানার পুলিশের এই তৎপরতায় এলাকায় প্রশংসা ও স্বস্তির আবহ তৈরি হয়েছে।

     

    নতুন গতি

    News Publication