সংবিধান দিবসে বাবা সাহেবের মূর্তির পাদদেশে সারাদিন ব্যাপি অনুষ্ঠান

    সেখ সামসুদ্দিন, ২৬ নভেম্বরঃ মেমারি বাবা সাহেব আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সংবিধান দিবস উদযাপন করা হয়। মেমারি নুদিপুর মোড়ে বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মাল্যদান করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, সম্পাদক জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান ও ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডক্টর অ্যাসোসিয়েশন ও বর্ধমান অ্যাপেলো হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। এই কর্মসূচি পরিদর্শন করেন আমেরিকার লাস ভেগাস নিভেজা হাসপাতালের অধ্যাপক ও কার্ডিওলজিস্ট ডাঃ বুদ্ধদেব দাঁ। তিনি বাবা সাহেবের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য প্রদান করেন এবং প্রথম রক্তদাতার হাত শংসাপত্র তুলে দেন। এদিন তিনি বাবা সাহেবে স্মৃতি রক্ষা কমিটির সহ সভাপতি তারকনাথ সাহার হাতে কর্মসূচির সফলতায় কিছু আর্থিক সহযোগিতা তুলে দেন। দুপুরের পর আসেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়রাম হেমরম। বাবা সাহেবের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য দেন। এদিন বৈকালিক অনুষ্ঠানে দশজন বিভিন্ন স্কুলের সেরা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী সমাজের প্রখ্যাত শিল্পী রথীন কিস্কু।