স্মার্ট বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মেলনী উপলক্ষ্যে সারা বাংলা কবি সম্মেলন হলদিয়ায়

    সুফি রফিক উল ইসলাম: মেমারি: ৫ নভেম্বর :
    পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় মঞ্জুশ্রী কুমার চন্দ্র জানা অডিটোরিয়াম সেমিনার হলে স্মার্ট বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও হলদিয়া সংবাদ পত্রের শারদ সংখ্যা “বিজয়া” পুস্তিকা টির ১২ তম খণ্ড প্রকাশ উপলক্ষ্যে সারা বাংলা কবি সম্মেলন অনুষ্ঠিত হল ৫ নভেম্বর বুধবার । এই মহতী অনুষ্ঠানের সহযোগিতায় ছিল হলদিয়া সংবাদ পত্র ও স্মার্ট নিউজ বাংলা । সকাল দশটা থেকে শুরু করে প্রায় সারাদিন ব‍্যাপী এই সারা বাংলা কবি সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব‍্যক্তি উপস্থিত হয়ে কবিতা পাঠ, আবৃত্তি, বক্তৃতা, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রত‍্যেক অংশগ্রহণকারীকে উত্তরীয়, সুদৃশ‍্য স্মারক, ব‍্যাজ ও “ বিজয়া” পুস্তক টি প্রদান করে সম্মানিত করা হয় । কবি ও সাংবাদিক এবং সম্পাদক দীপক পন্ডার ঐকান্তিক আহ্বানে ও আন্তরিক আপ‍্যায়নে শুধুমাত্র রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে নয়, বিদেশ তথা ইংল‍্যান্ড থেকেও কবি তথা প্রাক্তন মেয়র টিম বয়েলস্ উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক ব‍্যক্তিগণ । এই সকল গুণীজনদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন, শিশু বৃক্ষে জল সিঞ্চন প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও “বিজয়া” বই টির মোড়ক উন্মোচিত হয় । অনুষ্ঠানের শেষ পর্বে দুস্থ ব‍্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয় ।