দলীয় কোর কমিটির মিটিং সিউড়ি সরকারি সার্কিট হাউসে, তৃণমূলের ঘরোয়া দ্বন্দ্ব প্রকাশ্যে

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে বীরভূমে ততই বাড়ছে তৃনমূল কংগ্রেসের ঘরোয়া দ্বন্দ্ব। ইতিপূর্বেও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের চিত্রে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস। রবিবার সেরকমই জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের ডাকা মিটিং এর স্থান ঘিরে দ্বন্দ্বের চিত্র প্রকাশ্যে এল।

    এ প্রসঙ্গে জানা গিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির মিটিং সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে ঘুরে ঘুরে হবে। সেই প্রেক্ষিতে এবার সিউড়িতে মিটিং এর ডাক দেওয়া হয়েছিল। কিন্তু দলীয় কার্যালয়ে মিটিং না হয়ে সার্কিট হাউসে তৃণমূলের দলীয় বৈঠক আয়োজিত হয়, আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা পরিষদ সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য কাজল শেখকে সাংবাদিকরা প্রশ্ন করেন দলীয় মিটিং সার্কিট হাউসে কেন অনুষ্ঠিত হচ্ছে? এ বিষয়ে কাজল শেখ জানান এ বিষয়টা আমি বলতে পারব না। আপনারা কোর কমিটির আহবায়ক ও চেয়ারম্যানকে এ প্রশ্নটা করলে ভালো হয়। তাঁরাই বলতে পারবেন কেন এটা সার্কিট হাউসে হচ্ছে ? কাজল শেখ বলেন আমি জানতাম মিটিং জেলা তৃণমূল কার্যালয়ে হবে এবং সেখানেই আমি প্রথমে গিয়েছিলাম। সেখানে গাড়ি থেকে নেমে জানতে পারলাম এখানে হচ্ছে না বৈঠক। বৈঠক হচ্ছে সার্কিট হাউসে। কেন হল কার নির্দেশে হল, তা বলতে পারবেন কনভেনার ও চেয়ারম্যান অর্থাৎ অনুব্রত মণ্ডল ও আশীষ বন্দ্যোপাধ্যায়।

    যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনোভাবেই মুখ খুলতে রাজি হননি চেয়ারম্যান আসিস বন্দ্যোপাধ্যায় ও কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল। কোর কমিটির সদস্য বিধায়ক বিকাশ রায় চৌধুরী এ বিষয়ে জানান জেলার কিছু উন্নয়নমূলক কাজ সম্পর্কে আলোচনা ছিল, তাই সার্কিট হাউসে মিটিং হয়েছে। শতাব্দী রায় এ বিষয়ে বলেন কোর কমিটির মিটিং হয়নি, জেলার উন্নয়ন নিয়ে মিটিং হয়েছে।
    দলীয় কোর কমিটির মিটিং সরকারি সার্কিট হাউসে কেন হল? এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও চেয়ারম্যান আসিস ব্যানার্জি।

    নতুন গতি

    News Publication