| |
|---|
খান আরশাদ, বীরভূম:
বীরভূমের সুপার স্পেশালিটি হাসপাতালকে বেসরকারিকরণের অপচেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়।
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে পিপিপি মডেলের নাম করে বেসরকারিকরণের চেষ্টা চালানো হচ্ছে। দুই অসাধু ব্যবসায়ীর হাতে এই হাসপাতালকে তুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সিউড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি ও জেলা সম্পাদক অনুপ গড়াইকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নীতি অনুযায়ী প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সে সময় আলাদা করে স্বাস্থ্যজেলা তৈরি করে জেলার সদর শহর সিউড়ির হাসপাতালকে বঞ্চিত করে রামপুরহাট মেডিকেল কলেজ স্থাপন করা হয়। রামপুরহাটে মেডিকেল কলেজ স্থাপন করা নিয়ে কোন ক্ষোভ নেই, কিন্তু সিউড়ি তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে।
এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে পিপিপি মডেলের নাম দিয়ে কার্যত এটিকে বেসরকারীকরণের অপচেষ্টা চালানো হচ্ছে , এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
এই সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতাল জেলা সহ আশেপাশের, এমনকি ঝাড়খণ্ডের বেশ কিছু অংশের দুঃস্থ-দরিদ্র মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ স্থান। এ রকমই একটি গুরুত্বপূর্ণ স্থানকে কয়লা ব্যবসায়ী পাথর ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক এবং এই অপচেষ্টাকে রদ করার সর্বান্তকরনে প্রয়াস চালাবে বিজেপি। গুরুত্বপূর্ণ এই হাসপাতালকে অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার অর্থ মানুষের লিভার, কিডনি, হার্ট, শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া। যা কোন মত দিনই সার্থক হতে দেবে না বিজেপি এবং সিউরির মানুষ কোনদিনই তা মেনে নেবে না।
এই উদ্দেশ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে দেখা করে সম্পূর্ণ বিষয়টি জানান বিজেপির জেলা সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে বেসরকারিকরণের হাত থেকে রক্ষা করে এটিকে সম্পূর্ণ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করার আবেদন জানান। জিপি নাড্ডা এ বিষয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়কে আশ্বাস দিয়ে জানান রাজ্য সরকার যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার জন্য আবেদন জানায়, তাহলে কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে এবং মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার জন্য যে ফান্ডিং ১৫০ থেকে ২০০ কোটি টাকা প্রয়োজন সেটি কেন্দ্র সরকার দেবে।
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পিপিপি মডেলে হাসপাতাল তৈরি হবে না। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হবে। জগন্নাথ চট্টোপাধ্যায় জানান রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলুন।
২৪ শে জানুয়ারি থেকে সিউড়ি এবং আশেপাশে সংলগ্ন এলাকাগুলিতে এ বিষয়ে একটি গণস্বাক্ষর কর্মসূচি করা হবে বিজেপির পক্ষ থেকে।


