স্কুলে যাওয়ার পথে উধাও ২ কিশোর, পুলিশের তৎপরতায় দীঘা থেকে উদ্ধার

 

     

     

    খান আরশাদ, বীরভূম:
    স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল দুই নাবালক। টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে বীরভূমের সদাইপুর থানার পুলিশের তৎপরতায় সমুদ্রশহর দীঘা থেকে উদ্ধার করা হলো তাদের। পুলিশি হস্তক্ষেপে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে খুশির হাওয়া দুই পরিবারে।
    ঘটনার সূত্রপাত গত ২৪ তারিখ সকালে বাড়ি থেকে স্কুলের পোশাক পরে বের হয় ওই দুই কিশোর। কিন্তু সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় পরিবারের। চারদিকে খোঁজাখুঁজি করেও হদিস না পেয়ে শেষমেশ সদাইপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই কিশোরের পরিজনেরা।
    অভিযোগ পেতেই কোমর বেঁধে নামে পুলিশ। শুরু হয় মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাকিং। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে, কিশোররা হাওড়া হয়ে দীঘার পথে রওনা দিয়েছে। মূলত: অজানাকে জানার নেশা আর ভ্রমণের ঝোঁকেই তারা বাড়ি থেকে পালিয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।
    তথ্য পেতেই সদাইপুর থানার একটি বিশেষ দল দীঘায় অভিযান চালায় এবং সৈকত শহর থেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে দুই নাবালকই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছে।
    আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পেশ করা হয়।
    আদালতের নির্দেশে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
    ছেলেরা ফিরে আসায় পরিবারের চোখেমুখে এখন স্বস্তির ছাপ। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারাও।

    নতুন গতি

    News Publication