| |
|---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : বিজ্ঞান মঞ্চের হাত ধরে মনোত্তর চক্ষুদান ও দেহদান আন্দোলন পশ্চিমবঙ্গে বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। নদিয়ায় বিজ্ঞান মঞ্চের সহযোগী যোদ্ধা আমির চাঁদ শেখ। সারা বছর তিনি এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকেন। আমির চাঁদের মা রাবেয়া বিবি শেখ মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন গত১৭-১০-২৪ তারিখে। গত ৮-২-২৬ তারিখে তিনি মারা যান। অঙ্গীকার অনুযায়ী তার পুত্র আমির চাঁদ শেখ মৃত মায়ের কর্নিয়া মানবকল্যাণে দান করেন। বিজ্ঞান মঞ্চের সহায়তায় শান্তিপুর মরমী আই ডোনেশন সেন্টার কর্নিয়া দুটি সংগ্রহ করে। কিন্তু গ্রামের কিছু মানুষ মিথ্যা অভিযোগ করে —
আমির চাঁদ তার মায়ের কর্নিয়া ও কিডনি বিক্রি করে দিয়েছে । এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ আমির চাঁদ সহ বাড়ির পাঁচ জন সদস্যকে গ্রেফতার করে। তার গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন বিজ্ঞান সংগঠন ও সামাজিক সংগঠনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সম্মিলিত ভাবে প্রতিবাদ সংগঠিত করে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে শামিল হয় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, গণদর্পন, এপিডিআর এবং আরও বহু সংগঠন । অবশেষে মূল অভিযোগকারী বাধ্য হয় তার মিথ্যা অভিযোগ তুলে নিতে এবং আদালত আমির চাঁদ সহ পাঁচজনের জামিন মঞ্জুর করে। জামিন প্রাপ্তির
মধ্য দিয়ে সত্যের জয় হল।


