অ্যাডমিট না পাওয়ায় পরীক্ষায় বসতে পারল না রাজনগর মহাবিদ্যালয়ের দুই ছাত্রী, চাঞ্চল্য

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগর মহাবিদ্যালয়ে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ও প্রশাসনিক জটিলতার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। অ্যাডমিট কার্ড না পাওয়ায় বিএ তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসতে পারল না ইংরেজি অনার্সের দুই ছাত্রী। ফলে কার্যত একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেল তাদের।
    জানা গেছে, রাজনগরের ভবানীপুর অঞ্চলের কোড়াডাঙ্গাল গ্রামের শোভা মণ্ডল এবং নাকাশ গ্রামের সুলেখা বাউরী নির্ধারিত সময়ে বিএ তৃতীয় সেমিস্টারের ফর্ম ফিলাপ করেন এবং ফর্ম ফিলাপ বাবদ ৯০০ টাকা করে ফি জমা দেন। পরীক্ষার একদিন আগে কলেজে অ্যাডমিট কার্ড নিতে এসে তারা জানতে পারেন, তাদের অ্যাডমিট আসেনি। পরীক্ষার ফি জমা দেওয়ার রসিদ ও ফি-বুক দেখানো সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ কোনও সমাধান করতে পারেনি বলে অভিযোগ।

    পরীক্ষা শুরুর দিন পর্যন্ত একাধিকবার কলেজে যোগাযোগ করেও কোনও সদুত্তর না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই দুই ছাত্রী। এক ছাত্রী কান্নায় ভেঙে পড়েন কলেজ চত্বরে। শিক্ষার্থীদের প্রশ্ন— ফর্ম ফিলাপ করা সত্ত্বেও কেন অ্যাডমিট এল না? ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে জরুরি ব্যবস্থা কেন নেওয়া গেল না?

    এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ নিজেদের ত্রুটি স্বীকার করে জানিয়েছে, ইউনিভার্সিটি থেকে আসা অ্যাডমিট কার্ড পরীক্ষার একদিন আগে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও হাতে পর্যাপ্ত সময় না থাকায় সমস্যার সমাধান সম্ভব হয়নি। আগামী ২০ তারিখ এ নিয়ে কলেজ গভর্নিং বডির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলেও জানানো হয়েছে।

    তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—দায় কার? ইউনিভার্সিটির বিলম্ব, না কি কলেজ কর্তৃপক্ষের ভুল না গাফিলতি? সবচেয়ে বড় প্রশ্ন, এক বছর নষ্ট হওয়ার ক্ষতিপূরণ কে দেবে? শিক্ষামহলে এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

    নতুন গতি

    News Publication