| |
|---|
শেখ সিরাজ : কলকাতার রবীন্দ্র সদনে বরানগর প্রতিশ্রুতির আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের *অনন্ত ধারায়* বিভিন্ন গান অবলম্বনে একাধিক গীতি আলেখ্য পরিবেশিত হলো। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন গতি পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট লেখক এমদাদুল হক নূর, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট সঞ্চালক শাকিল আনসারী সহ আরো অনেকে। উদ্বোধনী সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ডক্টর দীপা দাস *বর্ণময় নজরুল* সংগীত পরিবেশন করে সকল দর্শক শ্রোতাদের অভিভূত করেন। বিশিষ্ট সঞ্চালক শাকিল আনসারী হিন্দিতে ও বাংলায় নজরুলের গান ও জীবন নিয়ে সুন্দরভাবে আলোকপাত করেন। নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর ও নজরুল ইসলামের দেশপ্রেম ও তাঁর কাব্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন। বাংলা সংলাপে সুমিত অধিকারী ও তপতি অধিকারী নিপুনভাবে বিদ্রোহী কবি কাজী নজরুলের এই অনুষ্ঠানের ধারা বাহিকতা ধরে রাখেন। সোমা কাঞ্জিলাল এর পরিচালনায় কিশোর স্বপ্ন নিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান ও হয়। পিনাকী চ্যাটার্জির রচনায় মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের অবলম্বনে *বিরহ লিপি* গীতি আলেখ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। অসীমা ভড়ের রচনা ও ভাষ্য পরিচালনায় ‘ঋতুরঙ্গে’ নজরুল শিরোনামে আরো একটি গীতি আলেখ্য শ্রোতাদের মুগ্ধ করে। কাজী নজরুল ইসলাম বহু দেশাত্মবোধক কবিতা ও গান লিখে কারাবরণ করেছিলেন। তাই নজরুলের সেই গান নিয়ে মানসী ভট্টাচার্যের রচনায়,স্বদেশ আমার ভারত মাতা* গীতিনাট্যটিও অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা ও আলোচনা করেন অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট বাচিক শিল্পী ডালিয়া বসু সাহা, রঞ্জনা কর্মকার, শিপ্রা সাধু, নন্দিনী লাহা প্রমূখ। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর দীপা দাস নজরুলের এই বর্ণাঢ্য অনুষ্ঠানটির সমগ্র ভাবনা ও পরিচালনা করে দর্শক শ্রোতাদের ভীষণভাবে মনোরঞ্জন করেন।


